বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে মো. মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নে এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটে।
নিহত মিলন বুড়ইল ইউনিয়নের নিজ গ্রামের মো. দিলবর আলীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মিলন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিলনের শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মো. মিলন হোসেনের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নবনির্বাচিত এমপি মোশারফ হোসেন। তিনি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি বলেন, হত্যাকারী যেই হোক দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। কাহালু-নন্দীগ্রামে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। আসুন সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হই।







