এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন মোরতাজুল করিম বাদরু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু।

মঙ্গলবার (২৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ক্ষুদ্রঋণ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী মোরতাজুল করিমকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আতাউল মণ্ডল প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

মোরতাজুল করিম বাদরু বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের আলাল-নিরব কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।

বিডি প্রতিদিন/এনআরএইচ

Scroll to Top