লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত কমান্ডের অধীনে ‘বহুজাতিক নৌজোট’ মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এই জোট কতটা কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে এবং সদস্য দেশগুলো নিজেদের প্রতিশ্রুতি রাখবে কি না-তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ সুলতান বারাকাত বলেন, ‘এই বহুজাতিক জোট গঠনের ঘোষণাটি মূলত অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিশ্রুতির বড় পরীক্ষা নেবে। ইতিপূর্বে আমাদের এই অঞ্চলে সৌদি আরবের নেতৃত্বসহ একাধিক সামরিক জোট গঠনের বহু আহ্বান দেখা গেছে, যার একটিও বাস্তবে আলোর মুখ দেখেনি।’
বারাকাত আরও উল্লেখ করেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে সরাসরি হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল না করা পর্যন্ত বাস্তবে এই বিশেষ নৌবাহিনী মোতায়েনের সম্ভাবনা বেশ কম। এছাড়া বাব আল-মান্দেব প্রণালির জন্য যে বহুজাতিক নিরাপত্তা মডেল প্রস্তুত করা হচ্ছে, তা কোনোভাবেই সংবেদনশীল হরমুজ প্রণালিতে প্রয়োগ করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। কারণ ইরানকে কেন্দ্র করে গড়ে ওঠা ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সেখানকার সামগ্রিক পরিস্থিতি বাব আল-মান্দেব প্রণালির তুলনায় বহুগুণ বেশি জটিল।






