সার্সো গভর্নিং বোর্ডের ১১তম সভা সফলভাবে সম্পন্ন

রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রধান কার্যালয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থা বা সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের (সার্সো-SARSO) গভর্নিং বোর্ডের ১১তম সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ৩ ও ৪ জুন দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন সার্সোর গভর্নিং বোর্ডের চেয়ারপারসন এবং বিএসটিআই-এর মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক।

সার্কভুক্ত দেশসমূহের এই মান সংস্থার সভায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিবৃন্দ সরাসরি এবং ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন। দুই দিনব্যাপী এই কর্মযজ্ঞে বিগত ২০২৫ সালে সার্সোর বিভিন্ন কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। একইসঙ্গে সভায় টেকনিক্যাল ম্যানেজমেন্ট বোর্ডের (টিএমবি) প্রতিবেদন অনুমোদন, চলতি ২০২৬ সালের নতুন কর্মপরিকল্পনা গ্রহণ, বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক মান সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর এবং নতুন সেক্টরাল টেকনিক্যাল কমিটি (এসটিসি) গঠনসহ আঞ্চলিক বাণিজ্য ও মান উন্নয়নের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার সমাপনী বক্তব্যে সার্সোর চেয়ারপারসন কাজী ইমদাদুল হক দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যকার বাণিজ্যের টেকনিক্যাল বা প্রযুক্তিগত বাধাগুলো দূর করার ওপর বিশেষ জোর দেন। সেইসঙ্গে এই অঞ্চলের পণ্যের গুণগত মান নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রসমূহকে যৌথ প্রয়াস ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

সবশেষে ১১তম সভার আনুষ্ঠানিক প্রতিবেদন গ্রহণের মধ্য দিয়ে দুই দিনের এই আয়োজন সমাপ্ত হয়।

Scroll to Top