নারায়ণগঞ্জে বন্দরের তিনগাঁও এলাকায় লোকালয়ে একটি কুমিরকে ঘুরতে দেখা গেছে। গত শনিবার রাতে প্রথমে কুমিরটি দেখতে পান স্থানীয় একাধিক বাসিন্দা। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে গতকাল রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, কুমিরটি প্রথমে একটি পুকুরে দেখা যায়। এরপর এটি পাশের আরেকটি পুকুরে চলে যায়। গতকাল দিনভর ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দল পুকুরে জাল ফেলে কুমিরটি ধরার চেষ্টা করেও সফল হয়নি।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, গত শনিবার রাতে তিনগাঁও এলাকায় কুমিরটি প্রথম দেখা যায়। পরদিন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে এলাকায় মাইকিং করা হয়েছে। কুমিরটি উদ্ধারের চেষ্টা চলছে।
বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, গতকাল বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি ধরার চেষ্টা করেন। পরে ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলও চেষ্টা করে। তবে কুমিরটি আটক করা সম্ভব হয়নি।
তিনগাঁওয়ের আশপাশে কোনো নদী নেই বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, কাছের নদীও অনেক দূরে। ফলে কুমিরটি কীভাবে এখানে এল, তা তাদের কাছেও পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখছেন তারা।
বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মাহমুদ হাসান বলেন, কুমিরটি দেখে মিঠাপানির বলে মনে হচ্ছে। এ ধরনের কুমির সাধারণত শান্ত প্রকৃতির। তবে বন্য প্রাণী কখন হিংস্র হয়ে উঠবে, তা বলা যায় না। তাই কুমিরটির কাছাকাছি না যাওয়াই নিরাপদ। কুমিরটি বর্তমানে যে পুকুরে আছে, সেটি কচুরিপানায় পরিপূর্ণ। তাই এর অবস্থান শনাক্ত করা না গেলে উদ্ধার করা সম্ভব হবে না।






