বিএনপি ক্ষমতায় এলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, ১২ তারিখের নির্বাচন ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধি নাকি মারামারি হানাহানির দিকে যাবে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। উন্নয়ন হবে দলমত নির্বিশেষে।
রবিবার বিকেলে ফেনীর দাগনভূঞা আতাতুর্ক হাইস্কুল মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, তাহাজ্জুদ ও ফজরের পর ভোট কেন্দ্রে যাবেন। এবং ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটার স্লিপ নিয়ে বাড়ি ফিরতে হবে। কেউ যেন অপকৌশল করে ভোটের অধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এবার ধানের শীষে ভোট দিয়ে যদি একটা সুযোগ দেন জীবনের বাকি সময়টুকু আপনাদের সঙ্গে কাটাতে চাই। রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসাসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।
দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, আবদুল লতিফ জনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ বরাত ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন।







