‘ক্ষমতায় গেলে বৈধ গ্যাস সংযোগ ও মানুষের দুর্ভোগ নিরসন করা হবে’

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে এবং মানুষের নিত্যদিনের দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনি গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণের এই ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করছে। নির্বাচিত হলে তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন এবং তার দরজা জনগণের জন্য সবসময় খোলা থাকবে বলেও আশ্বাস দেন।

পথসভায় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা বাতেন মিয়া, সোনারগাঁ থানা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক নোবেল মীর প্রমুখ।

এদিকে বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব উপজেলার টিপুর্দী এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা জাতির দর্পণ। এই নির্বাচনকে ঘিরে যেন কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন গুপ্ত সন্ত্রাসীরা কেন্দ্রে ঢুকে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে।

মতবিনিময় সভায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Scroll to Top