যে কারণে যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার পরিকল্পনা করছেন তিনি। বুধবার হোয়াইট হাউস জানিয়েছে, সংস্থাগুলো এখন আর মার্কিন স্বার্থ রক্ষা করছে না- এমন যুক্তিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই আদেশের আওতায় জাতিসংঘ সংশ্লিষ্ট ৩১টি সংস্থা এবং জাতিসংঘের বাইরে রয়েছে আরও ৩৫টি প্রতিষ্ঠান। তবে বিবৃতিতে সংস্থাগুলোর নাম নির্দিষ্ট করে বলা হয়নি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই বেশ কিছু বিশ্ব সংস্থা থেকে সরিয়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে।

এদিকে, ২০২৬ সালের কংগ্রেশনাল মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিসংশনের মুখে পড়তে হতে পারে বলে নিজ দলের নেতাদের সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন ট্রাম্প। তিনি বলেছেন, “মধ্যবর্তী নির্বাচনে জিততেই হবে। আমরা যদি না জিতি, তাহলে তারা (ডেমোক্রেটরা) কোনও না কোনও কারণ খুঁজে আমাকে অভিশংসিত করবে। আমি অভিশংসিত হব।”

এ বছরের নভেম্বরের যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনে জয় পেতে কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ট্রাম্প। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতার কথা উল্লেখ করে তিনি আইনপ্রণেতাদের নিজেদের মতভেদ ভুলে গিয়ে লিঙ্গনীতি, স্বাস্থ্যসেবা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তার নীতিগুলো জনগণের সামনে তুলে ধরতে বলেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ ভোটারদের মন জয় করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে আইনপ্রণেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ৮৪ মিনিটের অনানুষ্ঠানিক ভাষণে ট্রাম্প ব্যক্তিগত নানা প্রসঙ্গ তোলেন। তিনি তার স্ত্রী মেলানিয়ার পরামর্শে প্রকাশ্যে নাচ বন্ধ করার কথাও বলেন।

পাশাপাশি তিনি কয়েকটি বিতর্কিত ও ভুল দাবি করেন, যেমন- ওয়াশিংটনে সাত মাস ধরে কোনও হত্যাকাণ্ড ঘটেনি বলে মন্তব্য করেন। যদিও পুলিশের তথ্যমতে, ২০২৫ সালে সেখানে ১২৭টি হত্যাকাণ্ড হয়েছে। সকল বাধা পেরিয়ে ঐতিহাসিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা বিজয় অর্জন করবে বলে আশাবাদী ট্রাম্প। তবে দলের কিছু সদস্য দলীয় লাইনে না চলায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, এপি

Scroll to Top