জামায়াত ইসলামীকে মুনাফেক বলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন বটগাছের প্রার্থী।
নেত্রকোনা-২ (সদর বারহাট্টা) আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) মনোনীত প্রার্থী মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী সোমবার বিকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার পর থেকে ইসলামী দলগুলোর সাথে মুনাফিকি করে আসছে। কিন্তু তাদের এই মুনাফিকি অনেকের কাছে পরিষ্কর হওয়ায় তাদের জোট থেকে বেরিয়ে আসছে। আপনারা দেখেছেন তাদের জোট থেকে চরমোনাইয়ের হুজুর (হাতপাখা) বের হয়ে এসেছেন। আমাদেরকে উনারা বলেছিলেন কিছু আসন সমঝোতা করবেন। কিন্তু তারা আসন সমঝোতাতো করেন নাই, আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সাক্ষাৎ পাইনি। আমি যেহেতু কেন্দ্রেীয় দায়িত্বে রয়েছি সেকারণে আমি উনাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেছি। উনাদের বাসায় গিয়েও সাক্ষাৎ পাইনি। অর্থাৎ উনারা আমাদেরকে বিভিন্ন সমাবেশে ব্যবহার করেছেন, এইটা প্রমাণিত হয়েছে।
মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী আরও বলেন, আপনারা জানেন সর্বশেষ তারা যখন ৩০০ আসনে প্রার্থী দেয় তখন নিচে লেখা ছিল কয়েকটা দলের বিষয়ে আসন সমঝোতা হয়নি। তারই অংশ হচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে ১১ দলীয় জোটের আসন সমঝোতা হয়নি।
তিনি জানান, অবমূল্যায়নের কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, আমি মনে করি- একটি দলই আছে যেটি হচ্ছে রিকশা মার্কা এবং আরেকটি হচ্ছে জামায়াত। এছাড়া বাকি সব হচ্ছে জামায়াতের ‘বি’ টিম। কারণ, তারা জানে যে কোনো সময় তাদের নিবন্ধন বাতিল হতে পারে এবং বিভিন্ন সমস্যায় পড়তে পারে। এজন্য এরকম ‘বি’ টিম তারা রেডি রাখে।
এটি কেন্দ্রীয় সিদ্ধান্ত কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বটগাছ মার্কার এ প্রার্থী জানান, এটি তাদের জেলা খেলাফত আন্দোলন কমিটির সিদ্ধান্ত। কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি।







