বরিশাল-২ আসনের বানারীপাড়া উপজেলায় দুটি প্রচার গাড়িকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ও দুপুরে পৃথক দুই অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিএইচএম মুনীব বলেন, নির্ধারিত সময়ের আগে সকাল সাড়ে ৯টায় ইলেকট্রোলাইট যানবাহন দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি প্রচারণার দায়ে চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় দুইটি মাইক দিয়ে ধানের শীষের প্রচার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয় বলেও জানান তিনি।
বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী হলেন সরদার সরফুদ্দিন আহম্মেদ সান্টু ও জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান।
এ বিষয়ে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান বলেন, ঢাকা থেকে শুক্রবার রাতে একটি প্রচার গাড়ি এসেছিল। গাড়িটির যান্ত্রিক ত্রুটি মেরামত করার সময় ভ্রাম্যমাণ আদালত গিয়ে জরিমানা করেছে।
এদিকে জরিমানার বিষয়ে জানতে বিএনপির প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।







