বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মিছিল করেছে মহিলা জামায়াত। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাজীপাড়া এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে মহানগর উত্তরের মহিলা বিভাগের নেত্রীরা বক্তব্য দেন। তারা নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলার প্রতিবাদ জানান।কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানী আক্তার বলেন, ‘মানুষের কল্যাণ দুইভাবে করতে হবে। এই পৃথিবীর জীবনকে নিরাপদ করার মাধ্যমে একটি কল্যাণ করা যায়। একটি ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীর কল্যাণ সম্ভব।’
তিনি বলেন, ‘আমরা আশা করছি, এখানের প্রার্থী ডা. শফিকুর রহমান সেই কল্যাণমূলক কাজ করে সমাজের অকল্যাণ দূর করবেন।’ইরানী আক্তার আরও বলেন, ‘নারীমুক্তি, নারীর নিরাপত্তা ও নারীর অধিকার প্রতিষ্ঠা ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব।’
তিনি সকল নারী ভোটারসহ সব শ্রেণির ভোটারকে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনও বক্তব্য দেন।







