শিক্ষার্থীদেরই উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে : শিক্ষামন্ত্রী

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী দিনে শিক্ষার্থীদের উদ্ভাবনে অবদান রেখে বিশ্বে নেতৃত্ব দিতে হবে। এজন্য বর্তমান সরকার রিভার্স ব্রেইন ড্রেইন নিয়ে কাজ করছে। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে হার্ভার্ড, ক্যাম্ব্রিজ ও এমআইটির আদলে গড়ে তোলা হবে বলে বক্তব্যে তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

শনিবার বিকেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন এবং সামার-২০২৬ টার্মে ভর্তিকৃত ৫৪৬ নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, অন্যান্য অতিথি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুল ও ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন
শিক্ষামন্ত্রী।

পরে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

এছাড়াও অনুষ্ঠানে সামার-২০২৬ টার্মে স্নাতক (বিএস) পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তর (এমএস) পর্যায়ে ৩০ জন এবং পিএইচডি পর্যায়ে ৩ জনসহ মোট ৫৪৬ জন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এবং সংসদ সদস্যবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর। অনুষ্ঠানের সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে আসা নানা প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী।

Scroll to Top