ব্রাভোর ‘৪৭ নম্বর’ জার্সি অবসরে পাঠাল ত্রিনবাগো

ক্যারিবিয়ান ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ডোয়াইন ব্রাভোকে বিশেষ সম্মান জানাল ত্রিনবাগো নাইট রাইডার্স। ‘চ্যাম্পিয়ন’খ্যাত এই অলরাউন্ডারের ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজিটি।

রবিবার ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ত্রিনবাগো নাইট রাইডার্স ও জ্যামাইকা কিংসমেনের ম্যাচ শুরুর আগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

ফলে ভবিষ্যতে সিপিএল কিংবা অন্য কোনো প্রতিযোগিতায় ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেললেও কোনো ক্রিকেটার ৪৭ নম্বর জার্সি পরতে পারবেন না। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ব্রাভোর দীর্ঘদিনের অবদান, সাফল্য ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী ভেংকি মাইসোর ব্রাভোর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, নাইট রাইডার্স ও সিপিএলে ব্রাভোর অবদান পরিমাপের বাইরে। ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠানোর মাধ্যমে তার উত্তরাধিকারকে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে স্থায়ীভাবে ধরে রাখা সম্ভব হবে। সিপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মান পাওয়ার জন্য ব্রাভোর চেয়ে যোগ্য আর কেউ ছিলেন না বলেও মন্তব্য করেন তিনি।

সিপিএলে খেলোয়াড় হিসেবে ব্রাভোর সাফল্যও ছিল উল্লেখযোগ্য। ২০১৫ সাল থেকে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে চারবার এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে একবার শিরোপা জিতেছেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচ হিসেবেও সিপিএলে সাফল্যের দেখা পেয়েছেন ব্রাভো। গত বছর কোচ হিসেবে আবারও শিরোপা জয়ের স্বাদ পান সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার।

সিপিএলে ব্রাভো খেলেছেন ১০৭টি ম্যাচ। ব্যাট হাতে অবদান রাখার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২৯ উইকেট। ২০২৪ সালে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পরও টুর্নামেন্টের ইতিহাসে উইকেটশিকারিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

সিপিএলে ব্রাভোর চেয়ে বেশি উইকেট আছে কেবল সুনিল নারাইন (১৩৯) ও ইমরান তাহিরের (১৩৫)।

Scroll to Top