পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহাবুবুর রহমান শামীম।
পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর ও জেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন জসিম।
প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুর রহমান শামীম বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে চায়। বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি সংগঠন নানা ষড়যন্ত্র করছে। তারা হলো গুপ্ত সংগঠন। একাত্তরের পরাজিত শক্তি গুপ্তরা এখন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে যারা প্রার্থী হবেন, তাদের এখন থেকেই কাজ করার আহ্বান জানান তিনি।
মাহাবুবুর রহমান শামীম বলেন, যারা বিগত সময়ে ফ্যাসিবাদী হাসিনা বিরোধী আন্দোলন ও সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদের দল মূল্যায়ন করবে।






