আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিটি সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, ‘আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানগুলো বেলা ১১টা হতে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। পরবর্তীতে ২৩ অক্টোবর ২০২৬ হতে আগের সময়সূচি (বেলা ১১টা হতে রাত ৮টা পর্যন্ত) বহাল থাকবে।’
এর আগে, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধির দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা। মালিক সমিতি আজ সোমবার থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানান। গতকাল রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে পাঠানো এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।






