বাংলাদেশে প্রত্যর্পণ সম্পূর্ণ আইনি বিষয়

ভারতে অবস্থানরত বাংলাদেশের পলাতকদের প্রত্যর্পণ বিষয় নিয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বুধবার মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রত্যর্পণ বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের চেয়েও বড় একটি আইনি প্রক্রিয়া এবং এ ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে।

ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক দাবি এবং এই সংক্রান্ত আইনি নথিপত্র আদান-প্রদান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল ভারতের এই অবস্থানের কথা জানান।

সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ একটি আইনি বিষয়। এ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও বাধ্যবাধকতা রয়েছে, যা আমাদের অনুসরণ করতে হয়।’

এর আগেও ভারত এ বিষয়ে একই অবস্থান জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের সাথে সম্পর্কের ভবিষ্যৎ

পলাতকদের প্রত্যর্পণ নিয়ে জটিলতা থাকলেও বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারত ইতিবাচক মনোভাব বজায় রাখতে চায়। জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হলো একটি ইতিবাচক, গঠনমূলক এবং প্রগতিশীল সম্পর্ক বজায় রাখা। আমরা প্রতিবেশী দেশটির জনগণের কল্যাণ ও সমৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েই আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি।’

Scroll to Top