প্রায় চার দশক পর টেক্সাসে কি ডেমোক্র্যাটরা জয় পাবে?

মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণে টেক্সাস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ আসুক বা না আসুক, শুধু টেক্সাসের জয়ই ডেমোক্র্যাটদের জন্য বিশাল এক পুরস্কার হয়ে আসতে পারে। কারণ প্রায় চার দশক ধরে টেক্সাস রিপাবলিকানদের দখলে। জনমত জরিপগুলো বলছে, আমেরিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য এবার ৩৭ বছর বয়সী জেমস তাডারিওর হাত ধরে ডেমোক্র্যাটদের দখলে আসতে পারে। তেমনটি হলে ১৯৮৮ সালের পর এই প্রথম টেক্সাসে নীল রঙের ছোঁয়া লাগবে।
তেমনটি হলে তা ডেমোক্র্যাটদের জন্য হবে একটি স্বপ্নের মতো দৃশ্য; আর রিপাবলিকানদের জন্য সম্ভাব্য এক দুঃস্বপ্ন।

টেক্সাসভিত্তিক রিপাবলিকান নির্বাচনী কৌশলবিদ ব্র্যান্ডন স্টেইনহাউজার বলেন, ‘ডেমোক্র্যাটরা যদি সত্যিই এটি অর্জন করতে পারে, তবে আমার মনে হয় এটি টেক্সাস তথা দেশব্যাপী রিপাবলিকান পার্টির মধ্যে আত্মানুসন্ধান এবং অনেক বড় মানসিক আঘাতের কারণ হবে।’ আর টেক্সাস দখলের এই লড়াই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনে রূপ নিয়েছে, যেখানে মোট ব্যয়ের পরিমাণ অর্ধ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

তাডারিওর জন্য এটি ছিল এক অসাধারণ উত্থান, যিনি ২০২৫ সালেও রাজ্য পর্যায়ের একজন তুলনামূলকভাবে অপরিচিত ডেমোক্র্যাট ছিলেন। গত মঙ্গলবার রাতে টেক্সাসের লাবক শহরের ফিয়েস্তা সেন্টারে, নম্রভাষী এই সাবেক শিক্ষক-যিনি রাজনীতিতে আসার আগে খ্রিস্টান ধর্মযাজক হওয়ার পড়াশোনা করেছিলেন-তাকে দেখার জন্য মানুষের লাইন পুরো ভবন ঘুরে পার্কিং লট পেরিয়ে একটি ব্যস্ত সড়ক পর্যন্ত গিয়ে ঠেকেছিল। লাবকের সীমান্তবর্তী হকলে কাউন্টির ডেমোক্র্যাট পার্টির চেয়ারপারসন অ্যারন গঞ্জালেস বলেন, ‘এটি দেখা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। এবারের বিষয়টা আলাদা।’

তাডারিও যখন প্রায় ৩ হাজার সমর্থকের সামনে মঞ্চে ওঠেন; যার বাইরে আরও হাজারখানেক মানুষ স্পিকারে তার কথা শুনছিলেন; তখন তার বক্তব্য ছিল এ বছরের অনেক জাতীয় ডেমোক্র্যাটদের মতোই পরিচিত, তবে তাতে ছিল টেক্সাসের নিজস্ব ছোঁয়া। তিনি রক্ষণশীল রাজনৈতিক ব্যবস্থার তীব্র সমালোচনা করে বলেন যে তারা সাধারণ আমেরিকানদের অর্থনৈতিক কষ্টের প্রতি উদাসীন। তিনি রাজনীতিতে বড় অর্থের ক্ষতিকারক প্রভাবের নিন্দা জানান এবং সিনেটে একটি ব্যাপক দুর্নীতিবিরোধী এজেন্ডা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘টেক্সাসের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা চরমপন্থা আর দুর্নীতি দেখে ক্লান্ত। আমরা বিভাজনের রাজনীতি থেকে মুক্তি চাই এবং নতুনের জন্য প্রস্তুত।’

তার প্রচারণার শেষ দুই সপ্তাহের স্লোগান ছিল-‘স্বচ্ছ দৃষ্টি, ভরা মন, পরাজয় অসম্ভব’; যা ২০০০-এর দশকের শুরুর দিকের একটি জনপ্রিয় টিভি শো ‘ফ্রাইডে নাইট লাইটস’ থেকে নেওয়া, যা টেক্সাসের একটি ছোট শহরের লড়াকু হাইস্কুল ফুটবল দলকে নিয়ে তৈরি। তার মিউজিক প্লে-লিস্টেও টেক্সাসের লোকজ কান্ট্রি মিউজিকের আধিক্য ছিল। তিনি টেক্সাসের ব্রেকফাস্ট ট্যাকো পছন্দ করেন, টেক্সাসের কিংবদন্তি গায়ক-গীতিকার লাইল লাভেটের উক্তি আওড়ান এবং প্রায়ই উল্লেখ করেন যে এই রাজ্যের সাথে তার পারিবারিক সম্পর্ক আট প্রজন্ম পুরনো।

লাবকের সেই শ্রোতাদের মাঝে থাকা নিকটবর্তী টেক্সাস টেক ইউনিভার্সিটির ২৬ বছর বয়সী ছাত্র অ্যান্ড্রু রবিনসনের কাছে তাডারিওর বক্তব্য ভালো লেগেছে। কিন্তু তার সেই আশাবাদে কিছুটা দ্বিধাও ছিল। কারণ তিনি সারাজিবন এই রাজ্যে ডেমোক্র্যাটদের জায়গা পাওয়ার চেষ্টা এবং ব্যর্থতা দেখে এসেছেন। তিনি বলেন, ‘তাডারিওর জয় অনেক বড় অর্থ বহন করবে। আমি টেক্সাসে থাকার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলাম না। তবে সরকারের পরিবর্তন হলে তা আমাকে এখানে থেকে যাওয়ার একটি কারণ দিতে পারে।’

রিপাবলিকানদের কাছে ডেমোক্র্যাটদের এই জয়ের অর্থ হবে সম্পূর্ণ ভিন্ন। ফিয়েস্তা সেন্টারে তাডারিও যখন তার সমর্থকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন, ঠিক তখনই মাত্র কয়েক মাইল দূরে তার চেয়ে দ্বিগুণ বড় একটি ভেন্যুতে উপস্থিত ছিলেন ডেনাল্ড ট্রাম্প; সাথে ছিলেন রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটন। প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা যদি বাইরে গিয়ে ভোট দেন, তবে টেক্সাসে আমাদের এক বিশাল জয় হতে যাচ্ছে।’ নির্ভরযোগ্যভাবে রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত লাবক শহরে ট্রাম্পের এই সফর ইঙ্গিত দেয় যে দলটি রাজ্যের সবচেয়ে রক্ষণশীল অংশগুলোতেও ভোটারদের উপস্থিতি নিয়ে চিন্তিত। টেক্সাসের অন্যান্য রিপাবলিকানদের কণ্ঠেও এই উদ্বেগের প্রতিধ্বনি শোনা গেছে।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ গত শুক্রবার তার পডকাস্টে বলেন, ‘বুঝে দেখুন, আমরা টেক্সাসকে হারাতেও পারি। ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে অনেক বেশি সংখ্যায় ভোট দিতে আসছেন।’ রাজ্যের প্রধান আর্থিক কর্মকর্তা পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডন হাফাইনস এক্স-এ আরও মারাত্মক এক হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ‘টেক্সাস হলো আমেরিকার রিপাবলিকান পার্টির ভিত্তি। ভিত্তি যখন ভেঙে যায়, তখন সবকিছুই ধসে পড়ে। আমরা যখন টেক্সাস হারাবো, তখন আমরা পুরো যুক্তরাষ্ট্রকেই হারাবো।’ বেশ কয়েক সপ্তাহ ধরেই দলটির নেতারা সতর্ক করে আসছেন যে, টেক্সাসে ডেমোক্র্যাটদের জয় এক ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তারা আশঙ্কা করছেন যে তাডারিওর সম্ভাব্য জয় স্থানীয় ডেমোক্র্যাটদের আরও বেশি রাজ্যব্যাপী এবং ফেডারেল অফিসগুলোর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুপ্রাণিত করবে।

রিপাবলিকান নির্বাচনী কৌশলবিদ স্টেইনহাউজার বলেন, ‘আমি মনে করি এটি বেশ স্পষ্ট যে রিপাবলিকানরা দেখছেন যে এটি একটি বাস্তব হুমকি। টেক্সাস কখনোই নীল হবে না বলে উড়িয়ে দেওয়ার দিন শেষ।’ টেক্সাস সিনেট লড়াই এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে সাম্প্রতিক জনমত জরিপগুলো আভাস দিচ্ছে যে তাডারিওর একটি সামান্য কিন্তু স্থিতিশীল লিড রয়েছে। স্টেইনহাউজার বলেন, ‘ডেমোক্র্যাটদের জন্য যা কিছু ভালো হতে পারত, তার সবই ভালো হচ্ছে। আর রিপাবলিকানদের জন্য যা কিছু খারাপ হতে পারত, তার সবই খারাপ হচ্ছে।’

তবে এটি এমন এক ঘূর্ণিবাতাস, যার একটি বড় অংশ গত এক বছরে খোদ ট্রাম্প নিজেই তৈরি করেছেন। রিপাবলিকানদের জন্য জাতীয় পরিবেশ এখন বেশ কঠিন। পেট্রোলের দামসহ উচ্চ ভোক্তা খরচে ভোটাররা হতাশ এবং তারা এর জন্য মূলত ট্রাম্পের শুল্ক নীতি এবং ইরান যুদ্ধকে দায়ী করছেন।

টেক্সাসের নিজস্ব কিছু সমস্যাও ক্ষমতাসীন দলের জন্য একটি প্রতিকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে। টেক্সাসের জনমত জরিপ এবং সাম্প্রতিক বিশেষ নির্বাচনগুলো ইঙ্গিত করে যে হিস্পানিক ভোটাররা; যাদের মধ্যে অনেকে ২০২৪ সালে ট্রাম্পকে হোয়াইট হাউসে জিততে সাহায্য করার জন্য তার দিকে ঝুঁকেছিলেন; তারা এখন প্রশাসনের অভিবাসন প্রয়োগ নীতির ওপর ক্ষুব্ধ। হিস্পানিকরা রাজ্যের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ এবং টেক্সাসে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আগাম ভোটে তারা ঐতিহাসিকভাবে বিপুল সংখ্যায় ভোট দিচ্ছেন।

ডেটা সেন্টার নির্মাণ, যাকে টেক্সাস রিপাবলিকানরা রাজ্যে একটি স্বাগত বিনিয়োগ হিসেবে প্রচার করেছিলেন, তা বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সম্প্রতি রাজ্যে এআই নির্মাণকাজের ওপর এক বছরের স্থগিতাদেশ ঘোষণা করেছেন। এতে বোঝা যায় সমস্যাটি কত দ্রুত একটি রাজনৈতিক দায় হয়ে উঠেছে।

এর সাথে যুক্ত হয়েছে কেন প্যাক্সটনের রাজনৈতিক বোঝা। প্যাক্সটন এ বছরের শুরুর দিকে একটি বিতর্কিত প্রাইমারি ক্যাম্পেইনে দীর্ঘদিনের দায়িত্বরত সিনেটর জন কর্নিনকে পরাজিত করেছিলেন। ৬৩ বছর বয়সী এই রিপাবলিকান নেতা ৭৪ বছর বয়সী কর্নিনকে টেক্সাসের রক্ষণশীলদের তুলনায় বড্ড বয়স্ক এবং বিচ্ছিন্ন হিসেবে সফলভাবে চিত্রিত করেছিলেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, ‘কেন প্যাক্সটন অনেক কিছুর মধ্য দিয়ে গেছেন, অনেক ক্ষেত্রেই খুব অন্যায়ভাবে। কিন্তু তিনি একজন যোদ্ধা এবং জানেন কীভাবে জিততে হয়। আমাদের দেশের যোদ্ধা প্রয়োজন এবং মহত্ত্বের উদ্দেশ্যের প্রতি আনুগত্যও প্রয়োজন।’

প্রেসিডেন্ট প্যাক্সটনের যে ’অনেক কিছুর’ মধ্য দিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন, তার মধ্যে রয়েছে ২০১৫ সালের সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগে একটি ফেডারেল অভিযোগপত্র এবং ২০২৩ সালে রিপাবলিকান-নিয়ন্ত্রিত টেক্সাস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস কর্তৃক দুর্নীতি, ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসন। পরবর্তীতে ট্রাম্প রাজ্যের রিপাবলিকান নেতাদের ওপর চাপ সৃষ্টি করতে হস্তক্ষেপ করার পর টেক্সাস সিনেট প্যাক্সটনকে খালাস দেয়। এই সবকিছুর অর্থ হলো টেক্সাসে প্যাক্সটনের বেশ কিছু সমালোচক এবং শত্রু তৈরি হয়েছে, যার মধ্যে তার নিজের দলের লোকেরাও রয়েছেন।

বিপরীতে, তাডারিও একজন কার্যকর প্রার্থী হিসেবে প্রমাণিত হয়েছেন। এই রাজ্য আইনপ্রণেতা ডেমোক্র্যাট প্রাইমারিতে একজন সুপরিচিত প্রতিদ্বন্দ্বী, ডালাসের কংগ্রেসওম্যান জেসমিন ক্রকেটকে পরাজিত করেছিলেন। মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি নেতিবাচক বিজ্ঞাপনের তীব্র আক্রমণ সত্ত্বেও জরিপে তার লিড বজায় রেখেছেন।

টেক্সাসের নির্বাচনে অর্থের ঝনঝননিটা একটু বেশিই। ধনকুবের ইলন মাস্ক একাই এই লড়াইয়ে ১৭০ মিলিয়ন ডলারের বেশি ঢেলেছেন। ট্রাম্পের ‘ম্যাগা ইনক’ কমিটি দিয়েছে ৪০ মিলিয়ন ডলার। প্যাক্সটন নিজে কার্যকর তহবিল সংগ্রহকারী হিসেবে ব্যর্থ প্রমাণিত হলেও, তার পক্ষে ব্যয় করা এই থার্ড-পার্টি অর্থ রাজ্যের গণমাধ্যমগুলোকে ভাসিয়ে দিয়েছে; এমনকি টেক্সাস দলগুলোর খেলাধুলার ইভেন্টগুলোতেও এই বিজ্ঞাপনের প্রচার দেখা গেছে, যা দেশজুড়ে সম্প্রচারিত হয়।

এদিকে, তাডারিও নিজেকে ঐতিহাসিকভাবে সফল তহবিল সংগ্রহকারী হিসেবে প্রমাণ করেছেন। তিনি তার প্রচারণার পুরো সময়ে ১৪০ মিলিয়ন ডলারের বেশি অনুদান সংগ্রহ করেছেন এবং একজন সিনেট প্রার্থীর জন্য তিন মাসের তহবিল সংগ্রহের রেকর্ড গড়েছেন। এই অর্থায়ন তাডারিওকে প্যাক্সটনের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে, তার অতীতের বিতর্কগুলো তুলে ধরতে এবং রিপাবলিকানদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করেছে।

তবে টেক্সাস ডেমোক্র্যাটদের ক্ষমতা অতীতেও বাড়িয়ে মূল্যায়ন করা হয়েছিল। ২০১৮ সালে কংগ্রেস সদস্য বেটো ও’রোর্ক নিজের ঐতিহাসিক তহবিল সংগ্রহের রেকর্ড গড়েছিলেন, ব্যাপক জাতীয় মনোযোগ আকর্ষণ করেছিলেন এবং শেষ পর্যন্ত টেক্সাসের সিনেটর ক্রুজের কাছে মাত্র ২ শতাংশের কিছু বেশি ভোটের ব্যবধানে হেরে যান। জরিপগুলোতে তাডারিওর লিড স্থিতিশীল হলেও তা এখনো বেশির ভাগ জরিপের মার্জিন অফ এরর-এর কাছাকাছিই রয়েছে। আর শেষ মুহূর্তে রিপাবলিকানদের আবেদন এবং ট্রাম্পের বারবার নির্বাচনী সফর রক্ষণশীলদের নির্বাচনের দিন আরও বেশি সংখ্যায় ভোট দিতে উদ্বুদ্ধ করতে পারে, যা ডেমোক্র্যাটদের আগাম ভোটের যেকোনো সুবিধাকে মুছে দিতে পারে।

Scroll to Top