আঞ্চলিক উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে এ বিষয়ে ভূমিকা পালন ও প্রয়োজনীয় সহায়তা দিতে মস্কো প্রস্তুত বলে ইরানকে আশ্বস্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার বিকেলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে পুতিনের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রুশ প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি রাশিয়ার সরকার ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন তিনি।
আলাপকালে পেজেশকিয়ান তেহরান-মস্কো সম্পর্কের ইতিবাচক ও ক্রমবর্ধমান ধারার কথা তুলে ধরেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখা ও আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, এ সহযোগিতা ইরান ও রাশিয়ার পারস্পরিক স্বার্থের অনুকূল।
জবাবে পুতিন জন্মদিনের শুভেচ্ছার জন্য পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান। তিনি ইরানের সরকার ও জনগণের শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও সাফল্য কামনা করেন।
রুশ প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’র আওতায় চলমান সহযোগিতার কথাও উল্লেখ করেন। আঞ্চলিক বিভিন্ন ঘটনা ও পরিস্থিতির মধ্যেও তেহরান-মস্কোর সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
পুতিন ইরানের ওপর হামলার মুখে দেশটির জনগণের প্রতিরোধের প্রশংসা করেন। পুতিন বলেন, ‘ইরানিদের এই সাহসিকতা বিশ্বজুড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রশংসা পেয়েছে।’
আঞ্চলিক উত্তেজনা কমাতে কয়েকটি দেশের মধ্যস্থতা ও কূটনৈতিক উদ্যোগের প্রসঙ্গ তুলে পুতিন বলেন, রাশিয়া এ ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে। একই সঙ্গে তিনি ইরানকে আশ্বস্ত করেন, উত্তেজনা কমাতে ভূমিকা রাখা এবং প্রয়োজনীয় সহায়তা দিতে মস্কো প্রস্তুত রয়েছে।
আলাপের শেষ পর্যায়ে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন পুতিন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা হোসেইনি খামেনিকে উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনাও জানান। তথ্যসূত্র: তাসনিম নিউজ।






