সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলের তেলসমৃদ্ধ খুরাইস এলাকায় রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। খবর আল জাজিরার।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের দুটি এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, হামলা দুটির লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে এবং এতে লক্ষ্যবস্তু এলাকায় বড় ধরনের আগুনের সূত্রপাত হয়েছে।
তবে হুতিদের এই দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হুতি মুখপাত্রের দাবি, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন হামলার জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের সামরিক ও তেল স্থাপনায় ভবিষ্যতে আরও হামলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।
ইয়াহিয়া সারি অভিযোগ করেন, গত ১২ ঘণ্টায় হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এসব হামলার লক্ষ্য ছিল রাজধানী সানা এবং আল-জাওফ, তাইজ, আমরান, হাজ্জাহ ও সাদা প্রদেশ।
সূত্র: আল জাজিরা






