গাজীপুরের কোনাবাড়ীতে ভাড়া বাসায় ঢুকে সানজিদা আক্তার (২৪) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। ঘটনার পর ওই যুবক পালিয়ে যান। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আমবাগ এলাকার আতাউর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার বরিশালের কোতোয়ালি থানার উলালবাটনা গ্রামের মো. শাজাহান হাওলাদারের মেয়ে। তার স্বামী জুয়েল ওমানে প্রবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদা কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। রবিবার সকালে এক যুবক ওই বাসায় ঢুকে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে সানজিদা গুরুতর আহত হন।
সানজিদার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।






