সাংবিধানিকভাবে অধিবেশনে অংশগ্রহণ, সংস্কার পরিষদের অস্তিত্ব তো নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের। সংস্কার পরিষদের কোনো অধিবেশন তো আহ্বান করেন নাই।

রবিবার সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জাতীয় সংসদের অধিবেশনে এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ, সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটা সাংবিধানিকভাবে বৈধতা চ্যালেঞ্জ হয়েছে। মনে হয় জুডিশিয়ারিতে আছে, রুল জারি হয়েছে। সেটা জুডিশিয়ারির বিষয়।

‘তবে কনস্টিটিউশনালি সেরকম কোনো পরিষদের অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় কনস্টিটিউশনে। সেটার সংবিধানের আগে সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ আলোচনা হবে। এবং সংবিধান সংশোধন হলে সেই মতে সেটা সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফর্ম হয়। যদি শপথ গ্রহণ করতে হয়, সেটা তার পরের ব্যাপার।’

এর আগে গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণ শেষে অধিবেশন আজ রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার দল থেকে পদত্যাগ করেন নাই। দলের পদটি ত্যাগ করেছেন। স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে উনি দায়িত্ব পালন করতে চান না নিরপেক্ষতার স্বার্থে। সেজন্য অব্যাহতি চেয়েছেন। দলের প্রাথমিক সদস্যপদ আছে। দল ত্যাগ করেননি। ৭০ এর অনুচ্ছেদ তখনই আকৃষ্ট হবে যখন দল ত্যাগ করবেন। ডেপুটি স্পিকারও তাই।

Scroll to Top