সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের গাফিলতি, কাজ ফেলে রাখা এবং তদারকির অভাব নিয়ে সংসদে ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, নির্বাচনী এলাকায় উন্নয়নকাজের বাস্তব অবস্থা ভয়াবহ।
এ বিষয়ে সংসদে দাঁড়িয়ে তিনি অনেক কিছু বলতে পারছেন না। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের (পিডি) সরেজমিনে গিয়ে কাজ পরিদর্শন ও তদারকির নির্দেশনা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের বক্তব্যের পর ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, উন্নয়নকাজের ক্ষেত্রে বছরের পর বছর পার হয়ে গেলেও অনেক এলাকায় কাজ শুরু হয় না। কাজ শুরু হওয়ার পর ঠিকাদারদের আর খুঁজে পাওয়া যায় না। এ ধরনের ঘটনা অহরহ ঘটছে।
এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের মাঠপর্যায়ে গিয়ে কাজের অগ্রগতি দেখার নির্দেশনা দেওয়ার আহ্বান জানান।
নিজের নির্বাচনী এলাকার পরিস্থিতি তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, আমাদের কনস্টিটুয়েন্সিতে কী বলব? আমি তো এই জায়গা থেকে বলতে পারি না অনেক কিছু। বাট ইটস এ ভয়াবহ অবস্থা।
এর আগে সংসদে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান তার নির্বাচনী এলাকা ফুলবাড়িয়ার বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরেন।
তিনি বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরসহ বিভিন্ন সরকারি দফতরের মাধ্যমে প্রতিবছর রাস্তা, কালভার্ট ও অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ ব্যয় করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ার পরও এক থেকে দুই বছর কাজ শুরু করে না। আবার কাজ শুরু করলেও দীর্ঘদিন অসমাপ্ত ফেলে রাখে। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি প্রকল্পের ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ফুলবাড়িয়ার সনকান্দা সড়কের উদাহরণ দিয়ে কামরুল হাসান বলেন, সড়কটি এক বছর ধরে খানাখন্দে পড়ে আছে। কাজ শুরু করার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। একই অবস্থা মোহাম্মদনগর ১০ মাইল সড়ক এবং ভবানীপুরের কচুয়া সড়কেও।
তিনি বলেন, কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু না করা কিংবা কাজ শুরু করে ফেলে রাখার কারণে জনগণকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে কার্যাদেশ পাওয়া ঠিকাদারদের জবাবদিহির আওতায় আনা এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সংসদে রাস্তার দুই পাশে পুকুর খনন করে মাছ চাষের বিষয়টিও তুলে ধরেন কামরুল হাসান। তার অভিযোগ, রাস্তার পাশে পুকুর খননের কারণে সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে নির্মাণের ছয় মাসের মধ্যেও রাস্তা টেকসই থাকছে না। এ সমস্যা সমাধানে রাস্তা থেকে অন্তত ১০ থেকে ১৫ ফুট দূরে পুকুর খননের বিধান কার্যকর করার দাবি জানান তিনি। তার মতে, রাস্তার পাশে পুকুর খননের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হলে সড়কের স্থায়িত্ব বাড়বে।






