নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী মেলঁশোঁ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের বামপন্থী দল ‘ফ্রঁস আঁসুমি’ (এলএফআই) থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী জঁ-লুক মেলঁশোঁ।

শনিবার প্যারিসের উপকণ্ঠে ল্য বুরজেতে আয়োজিত এক বিশাল জনসভায় সমর্থকের উদ্দেশে দেওয়া বক্তব্যে ৭৫ বছর বয়সী মেলঁশোঁ বলেন, ‘আমাদের সবকিছু বদলে ফেলতে হবে।’

জনসভায় তিনি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং অবসরের বয়সসীমা আবার ৬০ বছরে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ধনীদের ওপর কর বাড়ানোর কথাও জানান।

মেলঁশোঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা এবং ন্যাটো থেকে ফ্রান্সকে অবিলম্বে প্রত্যাহার করে নেয়া।

গত সপ্তাহে প্রকাশিত তাঁর বই ‘দ্য কমন ফিউচার’এর কথাও জনসভায় তুলে ধরেন তিনি। বইটিতে তাঁর দল এলএফআইয়ের সরকার পরিচালনার পরিকল্পনা এবং ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে সম্ভাব্য পদক্ষেপগুলোর রূপরেখা তুলে ধরা হয়েছে।

বইটির নতুন সংস্করণে প্রায় এক হাজারটি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন ইস্যুতে বিভিন্ন পদক্ষেপ এবং ১৯৬১ সালের ১৭ অক্টোবর প্যারিসে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে ফরাসি পুলিশের হাতে শত শত আলজেরীয় নাগরিক হত্যার ঘটনাকে ‘রাষ্ট্রীয় অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি।

ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁরও কঠোর সমালোচনা করেন মেলঁশোঁ। সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে বিভিন্ন বিক্ষোভ দমনে পুলিশের সহিংস আচরণের জন্য তিনি ম্যাক্রোঁকে দায়ী করেন।

মেলঁশোঁ বলেন, ম্যাক্রোঁ তাঁর শাসনামলের এক ‘অন্ধকার সমাপ্তির’ দিকে এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ‘আমরা এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এটি ম্যাক্রোঁ যুগের অন্তিমকাল। এই সময় বর্বরতা, পুলিশের নৃশংসতা এবং বিক্ষোভের শেষ পর্যায়ে অপ্রত্যাশিত ও সহিংস কর্মকাণ্ডের মধ্য দিয়ে চিহ্নিত হয়ে আছে।’

মেলঁশোঁ আরও বলেন, ‘আমরা ফ্রান্সে একটি বড় রাজনৈতিক পরিবর্তনের পথ প্রশস্ত করছি।’

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সামনে আমার একটিই যুক্তিসংগত প্রস্তাব রয়েছে। আসলে এটি বেশ সংযত একটি প্রস্তাব। কেবল একটিই বিষয়—আমাদের সবকিছু বদলে ফেলতে হবে।’

২০২২ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে ২১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন মেলঁশোঁ। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য তাঁর প্রয়োজন ছিল আরও প্রায় এক শতাংশ ভোট।

মরক্কোতে জন্ম নেয়া সাবেক এই শিক্ষককে ফ্রান্সের বামপন্থী শিবিরের সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সূত্র: প্রেস টিভি

Scroll to Top