বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে কিংবা অসত্য প্রচারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। জনগণ সঠিক তথ্য ও স্বচ্ছ রাজনীতিই প্রত্যাশা করে।
রবিবার রাজধানীর খিলগাঁও বাজার এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকেলে তিনি আউটার সার্কুলার রোড, রাজারবাগ গ্লোব নিবাস এবং নাভানা বিল্ডিং সংলগ্ন এলাকায় একাধিক উঠান বৈঠকে অংশ নেন।
মির্জা আব্বাস বলেন, কিছু রাজনৈতিক দল নিজেদের অবস্থান সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাস প্রকাশ করছে। এ বিষয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আচরণবিধিতে সব প্রার্থীর জন্য সমান নিয়ম প্রযোজ্য। আচরণবিধি যথাযথভাবে বাস্তবায়িত হলে নির্বাচনী পরিবেশ আরও ইতিবাচক হতে পারে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মিজা আব্বাস আরও বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়ন করা এবং অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা। এ সংক্রান্ত কিছু বিষয় ইতোমধ্যে কমিশনের নজরে আনা হয়েছে।
ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-৮ আসনের ভোটার তালিকায় কিছু অসংগতি রয়েছে বলে তিনি মনে করেন। তালিকাটি আরও যাচাই-বাছাই করা হলে প্রকৃত ভোটার নিশ্চিত করা সহজ হবে। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।







