আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়া নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ নির্বাচন ও গণভোট স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, আগামী ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসন ব্যতীত ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য জানার জন্য কমিশনের ঘোষণার ওপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ইসি।







