প্রতিটি এলাকায় শিশুদের খেলার মাঠ খুঁজে বের করার প্রক্রিয়া চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দল ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার ফাইনাল দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে দেশব্যাপী শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রতিটি এলাকায় খেলার মাঠ খুঁজে বের করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দল ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার ফাইনাল দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে দেশব্যাপী শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রতিটি এলাকায় খেলার মাঠ খুঁজে বের করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।
সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) আয়োজিত এক কর্মশালা শেষে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০ তারিখে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে দেশব্যাপী শিশু খেলোয়াড়দের উৎসাহ জোগানো হচ্ছে। খেলাধুলার প্রতি শিশুদের আগ্রহ জাগানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

মাঠ সংকটের বিষয়ে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি এলাকায় খেলাধুলা করার জন্য মাঠ খুঁজে বের করার প্রক্রিয়া চলছে।

জাতীয় ফুটবল দলের সাবেক এই গোলরক্ষক নিজে ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার বিষয়ে তিনি বলেন, ‘সবকিছু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। তাই এখন এ বিষয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না।’ এছাড়া বিশ্বকাপ চলাকালীন অতিরিক্ত উৎসাহী হয়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

এর আগে বিকেএসপির অডিও-ভিডিও সেন্টার মিলনায়তনে ‘স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং’ শীর্ষক তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন তিনি।

Scroll to Top