মেসির ‘১০’ নম্বর জার্সি কে পাচ্ছেন?

একটি জার্সি কখনো কখনো শুধুই জার্সি থাকে না। হয়ে ওঠে ইতিহাস, আবেগ, ভালোবাসা আর কোটি মানুষের স্বপ্নের প্রতীক। আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সিও তেমনই এক নাম যার সঙ্গে মিশে আছে ডিয়েগো ম্যারাডোনার অমর স্মৃতি, আর সর্বশেষ দুই দশকে যার প্রতিটি ভাঁজে লেখা হয়েছে লিওনেল মেসির রূপকথা।

অবশেষে সেই দিনটিও এলো, যে দিনটির কথা ভাবতেই চায়নি কোনো ফুটবলপ্রেমী। আবেগঘন বার্তা আর স্মৃতিমাখা ভিডিও প্রকাশ করে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি।

রোজারিওর ছোট্ট শহর থেকে উঠে আসা যে জাদুকর নীল-সাদা জার্সিকে নিয়ে লিখেছেন ফুটবলের অসংখ্য মহাকাব্য, তার বিদায়ের সঙ্গে শেষ হলো আর্জেন্টিনা ফুটবলের এক স্বর্ণালি অধ্যায়।

এখন তাই আর্জেন্টিনার সামনে নতুন প্রশ্ন মেসির পর কে পরবেন সেই ঐতিহাসিক ‘১০’? উত্তরটা এখনো অজানা।

২০০৯ সালের ২৮ মার্চ। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার অধীনে প্রথমবার আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলের সেই জয়ে শুরু হয়েছিল এক নতুন গল্প। এরপর কেটে গেছে ১৭ বছরেরও বেশি সময়। জার্সিটি ধীরে ধীরে হয়ে উঠেছে মেসিরই আরেক পরিচয়। তবে মেসি না থাকলে মাঝে মাঝে অন্য তারকারাও পেয়েছেন এ জার্সির ভার।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ‘১০’ পরে মাঠে নেমেছিলেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এর আগে চিলির বিপক্ষে পাওলো দিবালা, আর উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আনহেল কোরেয়াও বহন করেছেন এই ঐতিহাসিক নম্বর। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এবার ‘১০’ নম্বর জার্সির সামনে দাঁড়িয়ে মেসির দীর্ঘ ছায়া।

আর্জেন্টিনার বর্তমান দলে এমন কয়েকজন তারকা রয়েছেন, যাদের কাঁধে উঠতে পারে এই উত্তরাধিকার। নিজ নিজ ক্লাবে ‘১০’ নম্বর জার্সিতে খেলেছেন লাউতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকো পাস। এ ছাড়া রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো ও নিকোলাস গঞ্জালেসেরও রয়েছে এই নম্বর পরার অভিজ্ঞতা।

তবু প্রশ্নটা শুধু কে ‘১০’ পরবেন, তা নয়। প্রশ্নটা হলো- কে বহন করবেন মেসির রেখে যাওয়া সেই বিশাল উত্তরাধিকার?

কারণ মেসির ‘১০’ মানে শুধু মাঠের একটি পজিশন নয়। এটি ছিল আর্জেন্টিনার আক্রমণের প্রাণ, সতীর্থদের আশ্রয়, প্রতিপক্ষের আতঙ্ক আর গ্যালারিতে বসে থাকা কোটি মানুষের শেষ আশার নাম।

মেসির অনুপস্থিতিতে বদলাতে পারে আর্জেন্টিনার খেলার ছবিও। স্ট্রাইকারদের ঠিক পেছনে কিংবা পাশে থেকে এতদিন আক্রমণের সুতো হাতে রেখেছেন মেসি। লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের সঙ্গে তার বোঝাপড়া ছিল আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম বড় অস্ত্র।

Scroll to Top