হামলার মুখে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসবে না হিজবুল্লাহ

ইসরায়েলের হামলার মধ্যেই কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাইম কাসেম বলেছেন, যুদ্ধ চলাকালে আলোচনা মানে আত্মসমর্পণ—এ অবস্থায় তারা লড়াই চালিয়ে যাবে ‘কোনো সীমা ছাড়াই’।

টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে কাসেম বলেন, ইসরায়েলের হামলার মুখে বসে আলোচনা করা মানে চাপিয়ে দেওয়া শর্ত মেনে নেওয়া। তাই এ অবস্থায় সংলাপের প্রশ্নই আসে না। তিনি সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে লেবানন সরকারকে হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান।

এদিকে সীমান্তে হামলা-পাল্টা হামলায় উত্তেজনা আরও বেড়েছে। উত্তর ইসরায়েলের কারমিয়েল শহরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন ইসরায়েলি আহত হয়েছেন। জরুরি সেবা সংস্থার তথ্যে জানা গেছে, বিস্ফোরণ ও শার্পনেলের আঘাতে তারা আহত হন। এর আগে শহরটির দিকে রকেট ছোড়ার দাবি করেছিল হিজবুল্লাহ।

অন্যদিকে, লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার আকাশে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক মিসাইল (কাদের-১১০)। এটি আকাশের অনেক উচ্চতায় বিস্ফোরিত হওয়ায় ধারণা করা হচ্ছে, লক্ষ্যবস্তু ছিল লেবাননের বাইরে কোথাও। সেনাবাহিনী বলছে, প্রযুক্তিগত ত্রুটি বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি বিস্ফোরিত হতে পারে।

Scroll to Top