ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর জনসমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ঈশ্বরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড চরনিখলা, মহিলা দলের উদ্দ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সহধর্মিণী ফারহানা মাজেদ।
প্রধান অতিথির বক্তব্যে ফারহানা মাজেদ বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন শুধু আপনারা না, আপনাদের আত্মীয়-স্বজন যারা আছে সবাইকে বলবেন যেন মাজেদ বাবুকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে। ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ঈশ্বরগঞ্জের রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। আমাদের শিক্ষা-চিকিৎসা ব্যবস্থাও বেহাল দশা। চিকিৎসা নিতে গেলে ময়মনসিংহ পর্যন্ত যেতে হয়। এছাড়াও অনলাইন জুয়া ও মাদকে জর্জরিত আমাদের এলাকা। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের নেতা মাজেদ বাবু একজন যোগ্য প্রার্থী। তিনি নির্বাচিত হতে পারলে এ অবস্থা থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করতে পারবেন বলে আশাবাদী তিনি।
তিনি আরও বলেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা সবসময় দেশের মানুষের কথা চিন্তা করে। যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাশে থাকব।
এ সময় জাতীয়তাবাদী মহিলা দল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।






