নেতানিয়াহুও দায় নিচ্ছেন না, ‘দোষী’ ট্রাম্প!

ইরানের সাথে চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভ্রান্ত করে টেনে আনার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে যখন কোনো কূল-কিনারা পাওয়া যাচ্ছে না, তখন এই অভিযোগের জবাবে নেতানিয়াহু দাবি করেন, ট্রাম্প শুরু থেকেই তার যুদ্ধ পরিকল্পনার যৌক্তিকতার সাথে পুরোপুরি একমত ছিলেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা শুরু করার পর থেকেই ডেমোক্র্যাট এবং বেশ কিছু রিপাবলিকান নেতা অভিযোগ তুলেছেন, ট্রাম্প ইসরায়েলের স্বার্থে একটি ‘অন্তহীন যুদ্ধে’ জড়িয়ে পড়েছেন। এমনকি সম্প্রতি মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধানের পদ থেকে পদত্যাগ করা জো কেন্ট দাবি করেছেন, ট্রাম্প এবং তার দল ইসরায়েলি লবির মাধ্যমে প্রভাবিত হয়েছেন।

তবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা প্রশ্ন করেন, ডোনাল্ড ট্রাম্পকে কেউ প্রভাবিত করতে পারে এমনটা ভাবা কি আদৌ সম্ভব? তিনি বলেন, ট্রাম্প সবসময় আমেরিকার স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেন।

নেতানিয়াহুর মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি প্রতিরোধের প্রয়োজনীয়তা তিনি ট্রাম্পকে বোঝাননি বরং ট্রাম্প নিজেই বিষয়টি তাকে বুঝিয়েছিলেন। তবে যুদ্ধের এই পর্যায়ে এসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কিছুটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বুধবার ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েল এই হামলা রাগের বশবর্তী হয়ে করেছে এবং ভবিষ্যতে এমন লক্ষ্যবস্তুতে আর হামলা চালানো উচিত হবে না।

সূত্র: আরটি

Scroll to Top