মুম্বাই ইন্ডিয়ান্সের এবারের আইপিএল মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। টুর্নামেন্ট চলাকালীনই কিছুটা আলোচনা থাকলেও, আসর শেষ হতেই সেই সমালোচনা আরও জোরালো হয়েছে। বিশেষ করে দলের ভেতরেও এখন নেতৃত্বের কার্যকারিতা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।
রবিবার নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হেরে প্লে-অফের আগেই ছিটকে পড়ে মুম্বাই। ১৪ ম্যাচে এটি ছিল তাদের দশম হার। পয়েন্ট তালিকায় লখনৌ সুপার জায়ান্টসের সমান পয়েন্ট নিয়েও কেবল রানরেটে এগিয়ে থেকে তলানির দিকেই অবস্থান করছে তারা।
গত মৌসুমে খারাপ শুরু করেও প্লে-অফে জায়গা করে নিয়েছিল মুম্বাই। তবে তার আগের মৌসুমে তারা ১০ দলের মধ্যে সবচেয়ে নিচে ছিল। ফলে টানা দুই মৌসুমের ব্যর্থতা এবং তিন মৌসুমের মধ্যে দুটিতে বড় বিপর্যয়ের কারণে পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে সমালোচনা বাড়ছে।
অন্যদিকে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে সফল ছিলেন হার্দিক পান্ডিয়া। তার নেতৃত্বে ২০২২ সালে চ্যাম্পিয়ন এবং পরের আসরে রানার্সআপ হয়েছিল গুজরাট। সেই পারফরম্যান্সের কারণেই মুম্বাই তাকে দলে এনে অধিনায়কত্ব দেয়। তবে মুম্বাইয়ে এসে সেই সাফল্য ধরে রাখতে পারেননি তিনি।
মৌসুম শেষে মুম্বাইয়ের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড বলেন, অধিনায়ক হিসেবে পান্ডিয়ার প্রত্যাশিত ফল আসেনি, তবে দল তাকে পূর্ণ সহায়তা দেওয়ার চেষ্টা করেছে।
পোলার্ড আরও জানান, দোষারোপের জায়গা নেই এবং পুরো দলকেই ব্যর্থতার দায় নিতে হবে। তার মতে, জয়ের পাশাপাশি হারও সমষ্টিগতভাবে আসে, তাই কারও ব্যক্তিগত প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।
তিনি বলেন, সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু ফল আসেনি। এখন সময় হলো বিশ্রাম নিয়ে ভুলগুলো মূল্যায়ন করা এবং আগামী মৌসুমে আরও শক্তিশালীভাবে ফিরে আসার পরিকল্পনা করা।







