স্পেনের বিশ্বকাপ দলে বার্সার আধিপত্য, নেই রিয়ালের কেউ

আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত এই বিশ্বকাপ দল বিশ্ব ফুটবল মহলে বিশাল বিস্ময়ের জন্ম দিয়েছে। স্পেনের বিশ্বকাপ দলে রয়েছেন বার্সেলোনার আট ফুটবলার। তবে ইতিহাসে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদ ক্লাবের কোনো খেলোয়াড়কে দলে রাখা হয়নি। রিয়ালের রক্ষণভাগের অভিজ্ঞ তারকা দানি কারভাহাল ও ডিন হুজসেনকে দলে রাখেননি ফুয়েন্তে।

২০২২ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল স্পেন। তবে এরপর ইউরো ২০২৪ জিতে আবারও নিজেদের শক্ত অবস্থান জানান দেয় স্প্যানিশরা। তাই এবারের বিশ্বকাপেও স্পেনকে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছে।

দল ঘোষণার সময় কোচ দে লা ফুয়েন্তে জানা, লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনো চোটে ভুগলেও তাদের ফিটনেস নিয়ে তিনি আশাবাদী। তার বিশ্বাস, প্রথম ম্যাচের আগেই সবাই পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবেন।

স্পেনের গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন অ্যাথলেটিক ক্লাবের উনাই সিমন, আর্সেনালের ডেভিড রায়া ও বার্সেলোনার জোয়ান গার্সিয়া। রক্ষণভাগে রাখা হয়েছে মার্ক কুকুরেয়া, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে, আলেহান্দ্রো গ্রিমালদো, পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও মার্ক পুবিলকে।

মিডফিল্ডে আছেন পেদ্রি, গাভি, রদ্রি, ফাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্দি, আলেক্স বায়েনা ও মিকেল মেরিনো। আর আক্রমণভাগে সুযোগ পেয়েছেন লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, ফেরান তোরেস, মিকেল ওইয়ারসাবাল, ইয়েরেমি পিনো, বোরহা ইগলেসিয়াস ও ভিক্টর মুনিওস।

তবে দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহালের। একই সঙ্গে বাদ পড়েছেন ডিন হুজসেন ও অ্যাটলেটিকো মাদ্রিদের রবিন লে নরমঁ। ইনজুরির কারণে বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ফারমিন লোপেজও ছিটকে গেছেন। লেফটব্যাক আলেজান্দ্রো বালদেও দলে জায়গা পাননি।

খেলোয়াড় বাছাই নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, প্রতিপক্ষের ধরন ও ম্যাচ পরিস্থিতি বিবেচনায় নিয়েই সেরা ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে। কোনো খেলোয়াড় কোন ক্লাবে খেলেন সেটি নয়, বরং জাতীয় দলের প্রয়োজনই ছিল মূল বিবেচনা।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৪ জুন ইরাকের বিপক্ষে এবং ৮ জুন পেরুর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। এরপরই মূল আসরের জন্য যুক্তরাষ্ট্রে যাবে দলটি।

আগামী ১৫ জুন কাবো ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। গ্রুপ এইচ-এ তাদের অন্য প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

এই দলকে ঘিরে স্পেনের সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের আক্রমণাত্মক জুটি যেকোনো রক্ষণভাগ গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্বকাপ দলেন রক্ষণভাগ থেকে আক্রমণভাগ পর্যন্ত তরুণ ও অভিজ্ঞদের এক অসাধারণ ভারসাম্য তৈরি করার চেষ্টা করেছেন দে লা ফুয়েন্তে।

বিশ্ব ফুটবলের ইতিহাসে একইসঙ্গে অলিম্পিক, মহাদেশীয় চ্যাম্পিয়ন ও বিশ্বকাপ জয়ের বিরল রেকর্ড গড়ার হাতছানি এখন স্পেনের সামনে।

Scroll to Top