মেসির ‘প্রথম অবসরের’ ঘোষণায় কী বলেছিলেন রোনালদো?

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নতুন করে মনে করিয়ে দিয়েছে ২০১৬ সালের সেই বিষণ্ন রাতের কথা। সেবারও আর্জেন্টিনার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন লিওনেল মেসি। আর তার সেই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছিলেন দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনাল। চিলির বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের লড়াই গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মেসির পেনাল্টি মিস করে বসে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত চিলির কাছে হেরে আবারও শিরোপাশূন্য থাকতে হয় আলবিসেলেস্তেদের।

পরপর কয়েকটি ফাইনালে ব্যর্থতার যন্ত্রণা তখন মেসিকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। মাত্র ২৯ বছর বয়সেই তাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার ঘোষণা দেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসির সেই সিদ্ধান্তে হতবাক হয়েছিল ফুটবল বিশ্ব। হতাশা ছিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে। তবে প্রতিদ্বন্দ্বীর এমন দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন রোনালদোও।

সেই সময় মেসির সিদ্ধান্ত নিয়ে রোনালদো বলেছিলেন, “মেসি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে, মানুষের তা বোঝা উচিত।”

মেসির পেনাল্টি মিস নিয়েও সহমর্মিতা জানিয়েছিলেন পর্তুগিজ তারকা। তার ভাষায়, “সে পরাজয় ও হতাশায় অভ্যস্ত নয়, এমনকি দ্বিতীয় হওয়াতেও নয়। পেনাল্টি মিস করলেই কেউ খারাপ খেলোয়াড় হয়ে যায় না।”

মাঠে দুজনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ফুটবল বিশ্বে কম আলোচনা হয়নি। একজন আর্জেন্টিনার, অন্যজন পর্তুগালের। ক্লাব ফুটবলেও দীর্ঘদিন ধরে তাদের লড়াই ছিল ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণ। কিন্তু প্রতিদ্বন্দ্বিতার বাইরেও মেসির প্রতি ছিল রোনালদোর শ্রদ্ধা।

তাই মেসিকে কাঁদতে দেখে কষ্ট পেয়েছিলেন তিনি। চেয়েছিলেন, আর্জেন্টিনার জার্সিতে আবারও যেন ফিরে আসেন এই মহাতারকা।

রোনালদো বলেছিলেন, মেসিকে কাঁদতে দেখে কষ্ট হচ্ছে। আমি আশা করি, সে তার দেশে ফিরবে, কারণ তার এটা প্রয়োজন।

রোনালদোর সেই আশা শেষ পর্যন্ত সত্যি হয়েছিল। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার কয়েক মাস পরই সিদ্ধান্ত বদলে আর্জেন্টিনার হয়ে ফিরে আসেন মেসি। এরপর যেন বদলে যায় পুরো গল্প।

২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২৪ সালে আবারও কোপা আমেরিকা একটির পর একটি শিরোপা জিতে পূর্ণতা দেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারকে।

তবে এবারের গল্পটা যেন ভিন্ন। উত্তর আমেরিকায় বিশ্বকাপের শেষ ম্যাচে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার হয়ে মেসির পথচলা থেমেছে। এরপর গত সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না তাকে।

২০১৬ সালে যে সিদ্ধান্তে রোনালদো বলেছিলেন, “ফিরে আসুক মেসি”-এবার সেই প্রত্যাবর্তনের অপেক্ষা হয়তো আর থাকবে না।

সূত্র : এনডিটিভি

Scroll to Top