ম্লাদিচের নামে স্লোগান দেওয়ায় সার্বিয়ান ক্লাবকে জরিমানা

ইউরোপা লিগের একটি ম্যাচের দিনই যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়ে মৃত্যুবরণ করা রাতকো ম্লাদিচের সম্মানে স্লোগান দেওয়ার দায়ে সার্বিয়ান ফুটবল ক্লাব ‘রেড স্টার বেলগ্রেডকে জরিমানা করেছে উয়েফা। ক্লাবটিকে ৯০ হাজার ইউরো (১,০৪,৫০০ ডলার) জরিমানার পাশাপাশি তাদের পরবর্তী ইউরোপীয় ম্যাচে প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছে টিকিট বিক্রি নিষিদ্ধ করেছে।

গত ২৭ আগস্ট চেক ক্লাব ভিক্টোরিয়া প্লাজেনের কাছে ৫-১ ব্যবধানে হারের ম্যাচে রেড স্টারের সমর্থকরা ম্লাদিচের নামে স্লোগান দেয়। তাকে অভিবাদন ও প্রশংসা জানিয়ে একটি ব্যানার প্রদর্শন করে। সার্বিয়ান চ্যাম্পিয়ন দলটি যখন তৃতীয় সারির ‘কনফারেন্স লিগ’-এ সুইস ক্লাব লুগানোর মাঠে খেলতে যাবে, তখন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

উয়েফার ‘কন্ট্রোল, এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি বডি’ এই শাস্তির ঘোষণা দেয়। বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণ এবং ক্রীড়া আয়োজনের অনুপযুক্ত বার্তা প্রচারের মতো অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ম্লাদিচ ছিলেন বসনিয়ান সার্ব কমান্ডার, যার নেতৃত্বে ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় ৮ হাজারেরও বেশি মুসলিমকে হত্যা এবং অন্যান্য যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছিল। গণহত্যায় জড়িত থাকার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগরত অবস্থায় নেদারল্যান্ডসের হেগে মারা যান ম্লাদিচ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

১৯৯১ সালের ইউরোপীয় চ্যাম্পিয়ন রেড স্টারের বিরুদ্ধে সমর্থকদের অসদাচরণের জন্য উয়েফার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দীর্ঘ ইতিহাস রয়েছে; এর মধ্যে রোমা জনগোষ্ঠীর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের মতো ঘটনাও অন্তর্ভুক্ত।

Scroll to Top