ত্রয়োদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। একইসঙ্গে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়।

সভাপতি বলেন, প্রায় ১৬ বছর পর অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত নীতি ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে কমিটি ও মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। কাজে জবাবদিহিতা নিশ্চিত করা, সততার সঙ্গে কাজ করা এবং সংশ্লিষ্ট সকলের মতামতকে প্রাধান্য দিয়ে মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে সকল কর্মকর্তা-কর্মচারী এবং কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। একইসঙ্গে সরকার ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

বৈঠকে নৌ-পরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি; নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি; হাফিজ ইব্রাহিম, এমপি; মাহমুদুল হক রুবেল, এমপি; আনিছুর রহমান, এমপি; সাঈদ আহমেদ, এমপি; সানজিদা ইয়াসমিন, এমপি; নাজমুল হুদা, এমপি এবং আবদুল হান্নান মাসউদ অংশগ্রহণ করেন।

বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানরা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top