ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণ করার জন্য করদাতাগণ এযাবৎকালে হার্ড কপি আকারে দাখিলকৃত সকল মাসিক রিটার্ন অনলাইন সিস্টেমে এন্ট্রি করার জন্য ই-ভ্যাট সিস্টেমে হার্ড কপি রির্টান এন্ট্রি নামে একটি নতুন সাব-মডিউল সংযোজন করা হয়েছে।
সাব-মডিউলটির কর্মসম্পাদন প্রক্রিয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড গত ০৫/০১/২০২৬ তারিখে একটি পরিপত্র জারি করেছে।
আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ।
পরিপত্র অনুযায়ী, ৩১/০৩/২০২৬ তারিখের মধ্যে সকল হার্ডকপি রিটার্ন অনলাইনে এন্ট্রি করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু e-VAT System হতে দেখা যাচ্ছে যে, এখনো উল্লেখযোগ্য সংখ্যক হার্ডকপি রিটার্ন অনলাইন সিস্টেমে এন্ট্রি হয়নি।
জাতীয় রাজস্ব বোর্ড জুলাই-২০২৬ হতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ কারণে যে সকল প্রতিষ্ঠান হার্ডকপি রিটার্ন দাখিল করেছে কিন্তু অনলাইন সিস্টেমে এন্ট্রি করেনি তাদের ক্ষেত্রে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হলো। যে সকল প্রতিষ্ঠান উক্ত সময়ের মধ্যে হার্ডকপি রিটার্ন e-VAT সিস্টেমে এন্ট্রি করবে না, সে সকল প্রতিষ্ঠানের Closing Balance মে-২০২৬ মাস হতে অপরিচলনযোগ্য (Freeze) করা হবে, অর্থাৎ উক্ত স্থিতির বিপরীতে কোন সমন্বয় করা যাবে না।
অপরদিকে, রিফান্ড আবেদন বিবেচনার ক্ষেত্রে যেহেতু শতভাগ রিটার্ন অনলাইনে থাকা বাধ্যতামূলক, তাই পূর্বের সকল VAT রিটার্ন e-VAT সিস্টেমে এন্ট্রি না করলে প্রতিষ্ঠান কোন রিফান্ডের আবেদন দাখিল করতে পারবে না।
জাতীয় রাজস্ব বোর্ডের সকল কার্যক্রম ডিজিটাল করার মাধ্যমে কর ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদীহিতা আনার চলমান উদ্যোগে সম্মানিত করাদাতাগণের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য







