সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির ভোটকক্ষে ব্যালট ঢুকিয়ে মোনাজাত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট নগরীর কিনব্রিজ সংলগ্ন শারদা স্মৃতি হল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর তিনি মোনাজাত শেষ করে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন।
এসময় মুক্তাদির বলেন, আজকে ১৫-২০ বছর পর দেশের মানুষ আবার রাষ্ট্রের উপরে তাদের মালিকানা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
এসময় মুক্তাদির বলেন, আজকে ১৫-২০ বছর পর দেশের মানুষ আবার রাষ্ট্রের উপরে তাদের মালিকানা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
তিনি আরও বলেন, যে অধিকারটা সংবিধান স্বীকৃত, যেটি এদেশের মানুষ রক্তের বিনিময় অর্জন করেছে, যেটি কারও দানের ফসল নয়, সেটি হারিয়ে গিয়েছিল। আজকে আমরা ভোট দিতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া এবং আমি দেখছি যে হাজার হাজার মানুষ ভোট দিচ্ছে।
তিনি বলেন, নির্বাচন তো একটা প্রাথমিক অধ্যায়।এই দিনের একটা সফল সমাপ্তির পরে আগামী দিনে এই দেশটার পুনর্গঠন এবং দেশটাকে আবার প্রাতিষ্ঠানিক মুক্তির উপর দাঁড় করানো, আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর্থিক সুশাসন প্রতিষ্ঠা করা, সামাজিক ভারসাম্য ফেরত আনা, জবাবদিহিতা সংস্কৃতি, পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা করা- এগুলি হবে আগামী দিনের চ্যালেঞ্জ। আমরা সেই দিকে তাকিয়ে আছি।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মুক্তাদির বলেন, আমি যতটুকু দেখেছি ততটুকুই বলছি। নারীদের ভোটগ্রহণের গতি বাড়ানো দরকার।
এখন পর্যন্ত উপস্থিতি সন্তোষজনক। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। মুক্তাদির বলেন, আমি আমার সিলেট ও জাতীয়ভিত্তিক কর্মসূচি মানুষের সামনে তুলে ধরেছি। আশা করি ভোটেও সাড়া পাব।







