ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাতির কোলে চড়ে ভোট দিলেন বয়োবৃদ্ধ দাদা শাহজাহান মোল্লা (৯০)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
জানা গেছে, শাহজাহান মোল্লা আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামের বাসিন্দা। বয়সের ভারে তিনি ন্যুব্জ হয়ে পড়েছেন।কোনোরকমে বসতে পারলেও চলাফেরা করতে হয় অন্যের সহায়তায়। কয়েক বছর ধরে চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া তিনি বাড়ি থেকে বের হন না।
ভোটের দিন সকালে তিনি ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দাদার এমন আবদারে সাড়া দিয়ে নাতি স্বাধীন মিয়া ও দুলাল মিয়া তাঁকে কোলে করে উপজেলার নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নিয়ে যান
ভোট প্রদান শেষে শাহজাহান মোল্লা বলেন, জীবনের শেষ সময়ে নাতিদের কোলে চড়ে কেন্দ্রে গিয়ে ভোট দিলাম। খুব খুশি লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।
নাতি স্বাধীন মিয়া বলেন, ভোট উৎসবের খবর শুনে ঘরে শুয়ে থাকা অসুস্থ দাদা ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
এরপর আমরা তাঁকে নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিয়ে যাই। দাদা কোলে বসেই ভোট প্রদান করেন।







