ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে সিঁথিতে লাল সিঁদুর ও কপালে লাল টিপ দিয়ে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নারীরা।
বৃহস্পতিবার সকাল থেকে দিনভর সংখ্যালঘু হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীরা কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর দিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।৯৫ বছর বয়সী সংখ্যালঘু বৃদ্ধা দীপালী কুণ্ডু ভোট দিয়ে নিজের আনন্দ প্রকাশ করেন। শহরের পাহাড়পুর মহল্লার মরহুম স্বপন কুমার দেবের স্ত্রী দীপালী কুণ্ডু সাংবাদিকদের দেখে বলেন, বাবারা, অনেক দিন পর ভোট দিলাম
সদর উপজেলার গোপালগঞ্জ চেহেলগাজী ইউনিয়ন পরিষদ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রকিকুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল থেকে সংখ্যালঘু ভোটাররা কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। তাদের মধ্যে কোনো ভয়ভীতি পরিলক্ষিত হয়নি।
চেহেলগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ঝন্টু চন্দ্র রায় বলেন, দীর্ঘ ১৭ বছর পর নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট দিলাম।
আগে সংখ্যালঘুদের ভয়ভীতি প্রদর্শন করা হতো। তবে এবার কোনো ধরনের ভয় নেই।
ঝর্ণা রানী কর্মকার বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাধাহীনভাবে ও কোনো প্রকার ভয়ভীতি ছাড়া ভোট দিয়ে আসলাম। আমরা সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও প্রশাসনকে অভিনন্দন জানাই। প্রতিটি ভোটেই যেন সেনাবাহিনী মাঠে থাকে, তাহলে আমাদের আর ভয় থাকবে না।







