এশিয়ান কাপ পর্যন্ত জাপানের কোচ থাকছেন মরিয়াসু

রাউন্ড অব ৩২-এ শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় জাপান। চরম চাপের মুখেও দলকে নকআউটে নিয়ে যাওয়ায় কোচ হাজিমে মরিয়াসু’র ওপর আস্থা রাখছে দেশটি। আগামী বছরের এশিয়ান কাপে দলের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন সাবেক এই মিডফিল্ডার।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী বছরের ৭জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই চুক্তির মেয়াদ শেষ হবে।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্টে জাপানের ফলাফল যেমনই হোক না কেন, তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন এবং তার স্থলাভিষিক্ত হবেন বর্তমান অনূর্ধ্ব-২৩ দলের কোচ গো ওইওয়া।

মরিয়াসু জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা কোচ; ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। ৫৭ বছর বয়সী এই কোচ ২০২২ বিশ্বকাপে জার্মানি ও স্পেনের বিপক্ষে দলকে চমকপ্রদ জয় এনে দিয়েছিলেন, যদিও শেষ ষোলোর লড়াইয়ে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুটআউটে তারা পরাজিত হয়।

মরিয়াসু এর আগে দুটি এশিয়ান কাপ, একটি কোপা আমেরিকা এবং ২০২১ সালের টোকিও অলিম্পিকেও জাপানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন; টোকিও অলিম্পিকে দলটি চতুর্থ স্থান অর্জন করেছিল। এশিয়ান কাপে জাপান ‘এফ’ গ্রুপে জায়গা পেয়েছে এবং সেখানে তারা বর্তমান চ্যাম্পিয়ন কাতার, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে।দেশটি রেকর্ড চারবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে, যার মধ্যে সর্বশেষ জয়টি এসেছিল ২০১১ সালে। কাতারে অনুষ্ঠিত ২০২৪ সালের টুর্নামেন্টে তারা কোয়ার্টার ফাইনালে ইরানের কাছে পরাজিত হয়ে বিদায় নেয়।

Scroll to Top