মালয়েশিয়ায় কোনো ইসরায়েলির ঠাঁই হবে না : আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার ভূখণ্ডে কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, মালয়েশিয়ায় কোনো ইসরায়েলির ঠাঁই হবে না। জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় নীতির প্রশ্নে এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। তাই কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাকে সঙ্গে সঙ্গে দেশ থেকে বহিষ্কার করা হবে।

সম্প্রতি জোহর রাজ্যের বিতর্কিত ‘ফরেস্ট সিটি’ প্রকল্পে দ্বৈত নাগরিকত্ব ব্যবহার করে কয়েকজন ইসরায়েলি নাগরিকের অবস্থানের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত শুরু করে দেশটির ফেডারেল কর্তৃপক্ষ।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাবেক কয়েনবেস নির্বাহী বালাজি শ্রীনিবাসনের প্রতিষ্ঠিত স্টার্টআপ এবং ডিজিটাল নোম্যাডদের ‘নেটওয়ার্ক স্কুল’। একটি প্রচারণামূলক অনলাইন ভিডিও প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। এরপর জোহর রাজ্য সরকার মালয়েশিয়ার আইন লঙ্ঘন এবং ভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশের অভিযোগ তদন্তের আহ্বান জানায়।

ইতোমধ্যে দেশটির অভিবাসন বিভাগ ওই এলাকায় ৪০টি দেশের ২৬৬ জন বিদেশি নাগরিকের নথিপত্র পরীক্ষা করেছে। মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশটিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে কেউ প্রবেশ করেছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চলছে।

এ ছাড়া ফরেস্ট সিটি প্রকল্পের লাইসেন্স এবং ভূমি ব্যবহারের বিষয়েও তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সূত্র : দ্য জেরুজালেম পোস্ট।

Scroll to Top