সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৪ হাজার ৯৭০ অভিবাসীকে গ্রেফতার করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। স্থানীয় সময় রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরো ১ হাজার ৬২৬ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

গ্রেফতারদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান, ৩৭ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরো ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বাসস্থান, শ্রম ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় প্রদান, নিয়োগ বা গোপন করার অভিযোগে আরো ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একই সময়ে ১৩ হাজার ২৫১ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া আরো ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

পাশাপাশি ৬ হাজার ১১৩ জনকে তাদের প্রস্থানের আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমানে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ ও ১ হাজার ৯৮৯ জন নারীসহ মোট ৩০ হাজার ৫৪৬ জন অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।

Scroll to Top