ওমান উপসাগরে হামলায় একাধিক বাণিজ্যিক জাহাজ বিকল

মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় ছড়িয়ে পড়েছে নতুন সংঘাতের আগুন। রাতভর তীব্র সামরিক তৎপরতার মধ্যে একের পর এক হামলার শিকার হয়ে বিকল হয়ে পড়েছে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বুধবার এই তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে যুক্ত সংস্থা ইউকেএমটিও জানায়, উত্তর উপসাগর ও ওমান উপসাগরে সামরিক অভিযানের সময় গোলাগুলির মুখে পড়ে একাধিক বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত ও বিকল হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা পরিবেশগত বিপর্যয়ের খবর নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পোর্ট রশিদের ২৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করা আরেকটি জাহাজেও অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে জাহাজটিতে পানি ঢুকে তা বিপজ্জনকভাবে একদিকে হেলে পড়ে।

এদিকে এই হামলার দায় স্বীকার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। তারা জানায়, উপসাগরে দুটি মার্কিন নৌযান এবং আটটি তেলবাহী ট্যাংকারে একযোগে আক্রমণ চালিয়েছে তারা। আইআরজিসির দাবি, আক্রান্ত মোট ১০টি নৌযান হরমুজ প্রণালির ‘নিষিদ্ধ ও অনিরাপদ’ জলসীমা অতিক্রমের চেষ্টা করছিল।

এর আগে মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টার অভিযোগে ইরানের পাঁচটি তেলের ট্যাংকার গুঁড়িয়ে দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ওয়াশিংটনের সেই আগ্রাসনের পাল্টা জবাব হিসেবেই এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।

Scroll to Top