ভারতের জ্বালানি নিরাপত্তায় বড় ভরসা হয়ে উঠছে আমিরাত

জ্বালানি নিরাপত্তা জোরদার এবং মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের ওপর নির্ভরতা আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে ভারতের অন্যতম প্রধান অংশীদার হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত।

অপরিশোধিত তেল আমদানির পাশাপাশি কৌশলগত মজুত, তেলক্ষেত্রে বিনিয়োগ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহেও দুই দেশের সহযোগিতা বাড়ছে।

২০১৮ সালের মে মাসে আবুধাবির দুই মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ভারতের পশ্চিম উপকূলের ম্যাঙ্গালোরে ভূগর্ভস্থ মজুতাগারে সংরক্ষণ করা হয়। এটি ছিল আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) সঙ্গে ভারতের চুক্তির প্রথম চালান। ওই চুক্তির আওতায় নিজস্ব খরচে ভারতে ৫৮ লাখ ৬০ হাজার ব্যারেল তেল সংরক্ষণের সুযোগ পেয়েছিল সংস্থাটি।

আট বছর পর দুই দেশ এবার বিপরীতমুখী আরেকটি উদ্যোগ বিবেচনা করছে। ২০২৬ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রীর দফতর জানায়, হরমুজ প্রণালির বাইরে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় নিজেদের কৌশলগত তেলের মজুতের একটি অংশ সংরক্ষণ করতে পারে ভারত। একই সমঝোতায় ভারতে সর্বোচ্চ তিন কোটি ব্যারেল তেল সংরক্ষণের সুযোগ পাবে এডিএনওসি।

ভারতের তেল আমদানিতে আমিরাতের গুরুত্বও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে অপরিশোধিত তেল সরবরাহকারী দেশগুলোর মধ্যে আমিরাত ভারতের চতুর্থ বৃহত্তম উৎস। ২০১৮ সালে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ওএনজিসি বিদেশ, ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও ভারত পেট্রোরিসোর্সেস আবুধাবির লোয়ার জাকুম সমুদ্রতলের তেলক্ষেত্রে ১০ শতাংশ অংশীদারত্ব কিনতে ৬০ কোটি ডলার বিনিয়োগ করে।

হরমুজ প্রণালিতে অস্থিরতার মধ্যে ফুজাইরা ভারতের জ্বালানি নিরাপত্তায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। এডিএনওসির ৪০৬ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে আবুধাবির স্থলভাগের তেলক্ষেত্র থেকে সরাসরি ফুজাইরায় তেল নেওয়া যায়। ফলে হরমুজ প্রণালি এড়িয়ে সেখান থেকে ট্যাংকারে তেল পরিবহন সম্ভব।

এছাড়া ইন্ডিয়ান অয়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি এলপিজি সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। ২০২৫ সালে এডিএনওসি ইন্ডিয়ান অয়েলের সঙ্গে ১৫ বছর মেয়াদি এলএনজি সরবরাহ চুক্তি করে। ২০২৯ সাল থেকে প্রতিষ্ঠানটির বার্ষিক এলএনজি ক্রয় ২২ লাখ টনে পৌঁছাতে পারে। তবে ফুজাইরায় ভারতের কৌশলগত তেল মজুতের পরিকল্পনাটি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে। সূত্র: গালফ নিউজ

Scroll to Top