বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন তিন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন- ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ) তানভীর হাবিব রহমান।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখার উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এছাড়াও বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খানকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন।
বৃহস্পতিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে। বিএসইসির যে চার কমিশনার পদত্যাগ করেছেন তারা হলেন- মহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ ও সাইফউদ্দিন।







