হবিগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে পৃথক দুটি অভিযানে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে এ দুটি বিশেষ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক-এর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

একই এলাকায় পরিচালিত অপর একটি বিশেষ অভিযানে আরেকটি ট্রাক তল্লাশি করে একই কৌশলে বালুর নিচে লুকানো আরও বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়।

জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা। অবৈধভাবে আমদানি করা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Scroll to Top