জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি সুউচ্চ করায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। তার এই অনন্য অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক দূরদর্শিতা এবং বলিষ্ঠ অবস্থানের এক যুগান্তকারী স্বীকৃতি বলে বিজিএমইএ মনে করে।
আজ বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, বিজিএমইএ বিশ্বাস করে, ড. খলিলুর রহমানের দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতা, বহুপাক্ষিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্ব বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সংকট মোকাবেলায় বড় অবদান রাখবে।
বিজিএমইএ আরও বিশ্বাস করে যে, জাতিসংঘের এই শীর্ষ পদটি দক্ষতার সাথে ব্যবহারের মাধ্যমে ড. খলিলুর রহমান বাংলাদেশের এলডিসি উত্তরণকালীন বাণিজ্য সুবিধা বজায় রাখা, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কার, জলবায়ু অর্থায়ন আদায় এবং দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার মতো জাতীয় ও কৌশলগত অর্থনৈতিক দাবিগুলো বিশ্বমঞ্চে সফলভাবে আদায় করতে সক্ষম হবেন।
পোশাক শিল্পের মুখপাত্র সংগঠনটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মেয়াদে সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের সার্বিক সাফল্য কামনা করছে।







