নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে মাজেদ বাবু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিতে ভোটারদের মাঝে মতবিনিময়, পথসভা, গণসংযোগ, উঠান বৈঠক ও শুভেচ্ছা বিনিময় করছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এসময় ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মাজেদ বাবু।

বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলার মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও তার পরিবার বর্গের সঙ্গে মতবিনিময় সভা এবং বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন মাজেদ বাবু।

সরেজমিনে দেখা যায়, নির্বাচনী মাঠে বিএনপির এই প্রার্থী এখন পুরোদমে গণসংযোগে ব্যস্ত। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিদিনই তিনি ছুটে বেড়াচ্ছেন হাটে-বাজারে, ভোটারদের বাড়ি বাড়ি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক সংস্কার, কৃষির আধুনিকীকরণ থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থানের মতো নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন ভোটারদের সামনে।

দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, চিকিৎসা, নাগরিক সমস্যা দূর করাসহ নানা সংকটে মানুষের পাশে থাকায় ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন ধানের শীষের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এ বিষয়ে মাজেদ বাবু জানান, দীর্ঘসময় ধরে মানুষের পাশে থেকে সমস্যা সমাধানে কাজ করছেন। মূলত ওই জায়গা থেকেই তাঁর প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে। ভোটের মাঠেও তাদের এই আস্থা তাঁকে আরও দায়িত্বশীল করে তুলেছে।

তিনি বলেন, ‘দায়িত্ব পেলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বেকারদের কর্মসংস্থানে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’

মাজেদ বাবু বলেন, আপনারা ১৭ বছর ভোট দিতে পারেন নাই। আপনারা ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ।

ধানের শীষে ভোট চেয়ে বিএনপির এই প্রার্থী বলেন, আমি হাজার হাজার ক্যান্সার রোগীর পাশে দাঁড়িয়েছি, আমি অসংখ্য অসহায় গরিব ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছি। কারণ আমার লক্ষ্য ছিল মানুষের সেবা করা, একটি শিক্ষিত মূল্যবোধের প্রজন্ম তৈরি করা, একটি শিক্ষিত মূল্যবোধের সমাজ তৈরি করা। আপনারা আমাকে আমানতস্বরূপ ভোট দিয়ে দেখতে পারেন। রাজনীতি আমার কাছে সেবা। আমি আজন্ম আপনাদের সেবা করে যেতে চাই।

Scroll to Top