ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন।
জয়শঙ্কর বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপকে অযৌক্তিক বলে বর্ণনা করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়ার পোস্টে জয়শঙ্কর বলেন, আজ সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছি। উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় আমি ভারতের তীব্র প্রতিবাদ পুনর্ব্যক্ত করেছি। বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে এই ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
গত বৃহস্পতিবার ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর হামলায় ভারতীয় ওই তিন নাবিক নিহত হন। হামলার শিকার ‘সেত্তেবেলো’ নামের পালাউয়ের ওই ট্যাঙ্কারে মোট ২৮ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ২৪ জন ভারতীয় এবং দুজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় এবং একজন রুশ নাগরিক ছিলেন।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি মার্কিন নৌবাহিনীর নির্দেশনা অমান্য করে চলমান মার্কিন অবরোধ লঙ্ঘন করে ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করছিল। তেহরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার পর এই অবরোধ শুরু হয়। এই প্রণালী দিয়ে সংঘাতের আগে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হতো।







