ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকার যোদ্ধারা ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে এবং এতে ইসরায়েলকে ‘বিপর্যয়ের ঢেউয়ে’ পড়তে হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা-কে উদ্ধৃত করে দেওয়া বক্তব্যে কানি বলেন, লেবাননের হিজবুল্লাহর সামরিক সক্ষমতা- বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি- অবমূল্যায়ন করায় অতীতে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হয়েছে।
তিনি হিজবুল্লাহর ড্রোন সক্ষমতার প্রসঙ্গ টেনে বলেন, “যখন আমরা বলেছিলাম হিজবুল্লাহর কাছে মিরসাদ ড্রোন আছে, তখন আপনারা তা গুরুত্ব দেননি এবং পরে বিপদে পড়েছেন। সেই ১০০ হতাহতের দায় কে নেবে?”
গাজা প্রসঙ্গে তিনি আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গাজারও একটি ঢেউ আছে। যদি তোমরা তোমাদের রাজনীতিকদের ইচ্ছা অনুযায়ী কাজ করো, তাহলে এই ঢেউয়ে তোমরা ভেসে যাবে। সতর্ক হও।”
ইরানি কর্মকর্তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে রাজনৈতিক ও সামরিক বার্তা দিচ্ছে, যেখানে গাজা, লেবানন ও ইসরায়েলকে ঘিরে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সূত্র: আল-জাজিরা







